নির্বাচনে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সচলে থাকছে বিশেষ টিম

12 Feb 2026 - 05:06 AM
 0
নির্বাচনে মোবাইল নেটওয়ার্ক-ইন্টারনেট সচলে থাকছে বিশেষ টিম

আর মাত্র কয়েক ঘণ্টা। তারপরেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট। এরইমধ্যে রাজধানী ঢাকায় ছুটি ও উৎসবের আমেজ শুরু হয়েছে। ভোট দিতে গ্রামের দিকে মানুষের ঢল নেমেছে। দেশের বিভিন্ন স্থান থেকে মোবাইলে কথা বলতে গিয়ে বারবার কল কেটে যাওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে।

নির্বাচনের সময় প্রতিটি ভোটকেন্দ্র ও দেশের সর্বত্র মোবাইল নেটওয়ার্ক ঠিক থাকবে তো- এমন প্রশ্ন উঠেছে। তবে সরকার বলছে, প্রতিটি ভোটকেন্দ্রে যাতে সর্বোচ্চ মানের মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় সেই ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। এমনকি নেটওয়ার্কে সমস্যা দেখা দিলে তাৎক্ষণিকভাবে তা সমাধান করতে ২৪ ঘণ্টা থাকছে ‘স্পেশাল সাপোর্ট টিম’।

মোবাইল অপারেটরগুলোও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের পক্ষ থেকেও থাকবে মনিটরিং টিম। আর ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

জানতে চাইলে প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জাগো নিউজকে বলেন, ‘সব ভোটকেন্দ্রে মোবাইল নেটওয়ার্কের ভালো কভারেজ ও দরকারি ক্যাপাসিটি এনশিউর করতে অপারেটরদের বলা হয়েছে। ২৪ ঘণ্টা স্পেশাল সাপোর্ট টিম ও রোস্টার থাকবে। কোনো জ্যামার থাকবে না। যেহেতু পুলিশ ও আনসার প্রযুক্তি ব্যবহার করবে, নেটওয়ার্ক সর্বোচ্চ লেভেলে অপারেট করার চেষ্টা রয়েছে।’

এ বিষয়ে জানতে চাইলে গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশনস শারফুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘নেটওয়ার্ক সেবা নিরবচ্ছিন্ন রাখতে আমরা সব ধরনের প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। পাশাপাশি, সার্বক্ষণিক নেটওয়ার্ক অপারেশন মনিটরিংয়ের জন্য একটি বিশেষ ইমার্জেন্সি টিম গঠন করা হয়েছে। আমাদের পক্ষ থেকে কোথাও কোনো জ্যামার থাকবে না।’

একই ধরনের তথ্য জানান রবি আজিয়াটা পিএলসির চিফ কর্পোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম। জাগো নিউজকে তিনি বলেন, ‘নির্বাচনকালীন গ্রাহকদের জন্য স্থিতিশীল, নির্ভরযোগ্য ও মানসম্মত নেটওয়ার্ক অভিজ্ঞতা নিশ্চিত করতে রবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। গুরুত্বপূর্ণ এলাকাভিত্তিক সার্বক্ষণিক মনিটরিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রয়োজন অনুযায়ী ব্যাকআপ পাওয়ার ও টেকনিক্যাল টিম প্রস্তুত রাখা হয়েছে। দেশজুড়ে নিরবচ্ছিন্ন ভয়েস ও ডেটা সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’

এ প্রসঙ্গে বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান জাগো নিউজকে বলেন, ‘নিরবচ্ছিন্ন মোবাইল সেবা নিশ্চিত করতে বাংলালিংক সর্বদাই বদ্ধপরিকর, বিশেষ করে জাতীয় বিশেষ গুরুত্বপূর্ণ দিনগুলোতে। তারই ধারাবাহিকতায় নির্বাচনের পূর্বে, পরে এবং নির্বাচনের সময়ে মোবাইল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের গতি স্বাভাবিক রাখতে আমরা এরই মধ্যে নেটওয়ার্ক অপটিমাইজেশনসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ সম্পন্ন করেছি। এছাড়াও আমাদের টেকনিক্যাল টিম ২৪ ঘণ্টা সারাদেশের নেটওয়ার্ক ব্যবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। এর জন্য আমরা বিটিআরসি, নির্বাচন কমিশন ও নিরাপত্তা সংস্থাসহ সব কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক কাজ করছি।’

এদিকে, ব্রডব্যান্ড ইন্টারনেটের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবসায়ীদের সংগঠন ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি আমিনুল হাকিম জাগো নিউজকে বলেন, ‘আমাদের নেটওয়ার্ক সব জায়গায় ঠিকঠাক রয়েছে। আশা করছি কোথাও কোনো ধরনের সমস্যা হবে না। বিটিআরসি ও নির্বাচন কমিশন থেকে আগেই নির্দেশনা দিয়ে রেখেছে, সবাই এক্সট্রা কেয়ার করে কিংবা অধিক সংখ্যক জনবল নিয়োগ থাকবে এই দুইদিন। আশা করছি ব্রডব্যান্ড ইন্টারনেটে কোথাও কোনো সমস্যা হবে না।’