বান্দরবানে ৫৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক, কারাগারে ৫ মানব পাচারকারী

12 Jan 2025 - 12:56 PM
21 Jan 2025 - 00:16 AM
 0
বান্দরবানে ৫৩ মিয়ানমার নাগরিককে পুশব্যাক, কারাগারে ৫ মানব পাচারকারী

বান্দরবানের আলীকদমের দুর্গম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। তাদের অনুপ্রবেশে সহায়তার অপরাধে পাঁচ মানব পাচারকারীর বিরুদ্ধে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

রোববার (১২ জানুয়ারি) সকালে অনুপ্রবেশকারীদের পুশব্যাক করা হয়েছে।

পাঁচ মানব পাচারকারী হলেন, বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. খোরশেদ আলম (৫৭)।

জানা গেছে, বান্দরবানের আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকারী ৫৮ জন মিয়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে রোববার সকালে পুশব্যাক করা হয়েছে। পাঁচজন মানব পাচারকারীকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হলে বিচারক তৌফিকুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বান্দরবানের আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন কালবেলাকে বলেন, আটক ৫৩ রোহিঙ্গাকে মিয়ানমারে পুশব্যাক করা হয়েছে এবং মামলার আলামত হিসেবে পাঁচ রোহিঙ্গাকে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি আরও বলেন, পাঁচ মানব পাচারকারীর বিরুদ্ধে আলীকদম থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে একটি মামলা করা হয়েছে। আসামিদের বান্দরবান আদালতে তোলা হলে তাদের কারাগারে পাঠানোর নিদের্শ দেওয়া হয়।