সিলেট-তামাবিল মহাসড়কে ট্রাকের ধাক্কায় নারী নিহত
সিলেট তামাবিল জাফলং মহাসড়কে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় সিএনজি অটোরিকশার এক নারী যাত্রীর ঘটনাস্থলে মৃত্যু হয়েছে।
নিহত নারী মায়ারুন নেছা (৪০) গোয়াইনঘাট উপজেলার লামা কুটাপাড়া গ্রামের হাজী সাহিদ আহমদের স্ত্রী।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার (১২ জানুয়ারি) নিহত মায়ারুনকে বহনকারী নাম্বারপ্লেট বিহীন সিএনজি চালিত অটোরিকশা সিলেট অভিমুখে যাচ্ছিলো।
সকাল সোয়া ১১টার দিকে অটোরিকশাটি তামাবিল মহাসড়কের করিচেরপুল নামক এলাকায় এসে পৌছালে মাটি বোঝাই একটি ড্রামট্রাকের (রেজি নং- ঢাকা মেট্রো -ড-১১-৬০৫১) সাথে মুখোমুখি সংঘর্ষ হলে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ঘটনাস্থলে ওই নারীর মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক ওই ট্রাকটি পাশ্ববর্তী জমি থেকে মাটি পরিবহন করছিলো। খবর পেয়ে জৈন্তাপুর মডেল থানা ও তামাবিল হাইওয়ে থানা পুলিশ টিম এসে ঘটনাস্থলে পৌছে নারীর মরদেহ উদ্ধার করে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকটিকে আটক করে হাইওয়ে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিহত নারীর সুরতহাল প্রতিবেদন তৈরী শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।